
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ২০২৫ সালের শেষ বড় আপডেট নিয়ে হাজির হয়েছে। এই নতুন আপডেটে কল, চ্যাট এবং স্ট্যাটাস আপডেটে একাধিক সুবিধা যুক্ত করা হয়েছে। অ্যাপটি মিসড কল মেসেজস নামে একটি বিশেষ ফিচার এনেছে, যা ভয়েসমেলের একটি আধুনিক বিকল্প হিসেবে কাজ করবে।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি, নতুন এই ফিচারের সাহায্যে কেউ ভয়েস বা ভিডিও কল রিসিভ করতে না পারলে, ব্যবহারকারীরা সহজেই এক ট্যাপে কলটির ধরন অনুযায়ী ভয়েস বা ভিডিও মেসেজ রেকর্ড করে পাঠাতে পারবে। এর জন্য চ্যাট টুলবারে আলাদা করে মাইক্রোফোন বা ক্যামেরা আইকন খোঁজার প্রয়োজন হবে না।
কল সংক্রান্ত আরও আপডেটের মধ্যে রয়েছে ভয়েস চ্যাটে রিয়্যাকশন দেওয়ার সুবিধা, যার ফলে কথা বলায় বাধা না দিয়েই রিয়্যাকশন দেওয়া যাবে। এছাড়াও, গ্রুপ ভিডিও কলে যে কথা বলছে, হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে তাকে হাইলাইট করবে (স্পিকার স্পটলাইট), ফলে কে কথা বলছে তা দ্রুত বোঝা যাবে।
চ্যাট অপশনেও বড় পরিবর্তন এসেছে। Meta AI ইমেজ জেনারেশন প্রযুক্তিকে উন্নত করা হয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবির মান আগের চেয়ে অনেক ভালো হবে। পাশাপাশি, ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপেই যে কোনও ছবিকে স্বল্প দৈর্ঘ্যের অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবে।
ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য নতুন মিডিয়া ট্যাব যুক্ত হয়েছে, যা এক স্থানে সমস্ত ডকুমেন্ট, লিংক এবং মিডিয়া খুঁজতে সাহায্য করবে। স্ট্যাটাস আপডেটেও পরিবর্তন এসেছে। এখন সরাসরি মিউজিক লিরিক্স যোগ করা যাবে, এবং এমন প্রশ্ন পোস্ট করা যাবে যার উত্তর অন্যরা দিতে পারবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলেও অ্যাডমিনরা প্রশ্ন পোস্ট করার মাধ্যমে ফলোয়ার্সদের সাথে যোগাযোগ বাড়াতে পারবে।
মোটকথা, এই নতুন আপডেট হোয়াটসঅ্যাপের ব্যবহারকে আরও সুবিধাজনক ও ইন্টারেক্টিভ করে তুলবে। ব্যবহারকারীরা নতুন ফিচারগুলো দ্রুত গ্রহণ করবে বলে মনে করা হচ্ছে।





