
WhatsApp SIM Binding Rollout: ১ মার্চ থেকে দেশে চালু হচ্ছে WhatsApp SIM Binding Rollout। কেন্দ্রের নতুন নির্দেশে যে নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন, সেই সিম কার্ড ফোনে সক্রিয় থাকা বাধ্যতামূলক। এর ফলে মেসেজিং পরিষেবার ব্যবহারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে।
এখন পর্যন্ত অধিকাংশ মেসেজিং অ্যাপে প্রথমবার লগইনের সময় ওটিপি যাচাই হলেই যথেষ্ট ছিল। পরে সেই সিম ফোনে না থাকলেও পরিষেবা ব্যবহার করা যেত। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণার অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছিল। নম্বর ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হলেও সিম বাতিল বা নষ্ট করে দেওয়ায় তদন্তকারীরা সমস্যায় পড়তেন।
নতুন নিয়মে বলা হয়েছে, যে নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ বা অনুরূপ অ্যাপ ব্যবহার করা হবে, সেই সিম কার্ড সক্রিয় অবস্থায় ফোনে থাকতে হবে। কোনও নম্বর টানা ৯০ দিন বন্ধ থাকলে, সেই নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট অ্যাপ চালানো যাবে না। অর্থাৎ নম্বর স্থায়ীভাবে নিষ্ক্রিয় হয়ে গেলে পুরনো অ্যাকাউন্টও অচল হয়ে পড়বে।
জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ। সিম সক্রিয় না থাকলে পরিচয় গোপন করে মেসেজিং অ্যাপ ব্যবহারের সুযোগ কমবে। পাশাপাশি ওয়েব সংস্করণেও আনা হয়েছে পরিবর্তন। এতদিন একবার লগইন করলে ব্যবহারকারী নিজে থেকে লগ আউট না করা পর্যন্ত পরিষেবা চালু থাকত। এবার প্রতি ছয় ঘণ্টা অন্তর নতুন করে লগইন করতে হবে।
এই সিদ্ধান্তের জেরে নিয়মিত ব্যবহারকারীদের কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যারা দীর্ঘদিন সিম ব্যবহার করেন না বা অস্থায়ীভাবে নম্বর বন্ধ রাখেন, তাঁদের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। তবে নিরাপত্তা জোরদারে কেন্দ্রের এই পদক্ষেপ ভবিষ্যতে মেসেজিং প্ল্যাটফর্মে ভুয়ো অ্যাকাউন্ট কমাতে ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে।
ডিজিটাল যোগাযোগ এখন দৈনন্দিন জীবনের অংশ। সেই পরিকাঠামো সুরক্ষিত রাখতে সিম-ভিত্তিক যাচাই আরও কঠোর হল বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।





